Taratala news
Bengal Liberty:
তারাতলার ভয়াবহ গুদাম বিপর্যয়ে আরও বাড়ল মৃত্যুমিছিল। বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে আরও এক ব্যক্তির মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ (Taratala news)। এখনও ১৯ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
সূত্রের খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে মৃতদের মধ্যে রয়েছেন কৃষ্ণ চৌধুরী, রোহিত চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী, পাপ্পু কুমার রজক, গৃহী কুমার, আসগার হোসেন, শাহিল সর্দার, হাসান ইমাম, গণেশ কালান্দি এবং নবীন সিং। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে রয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি প্রশাসন।

নির্মাণে গাফিলতির অভিযোগ
ঘটনার জেরে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নির্মাণকারী সংস্থা বেহেরা ব্রাদার্সের কর্ণধার শম্ভুনাথ বেহরা। ধৃতদের মধ্যে রয়েছেন আয়ান ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হোসেন, লোহার কাঠামো নির্মাণকারী সংস্থার প্রতিনিধি কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী ও ট্রাইমেক্সের ঠিকাদার দিবাকর ভাণ্ডারি এবং কলকাতা পুরসভার নির্মাণ পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী আব্দুল হামিদ।
প্রাথমিকভাবে তিন জনকে গ্রেফতার করা হলেও পরে গুদামের মালিক-সহ মোট পাঁচ জনকে আটক করে কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। সূত্রের দাবি, ধৃত গুলজার হোসেনের বিরুদ্ধে অতীতেও মামলা দায়ের হয়েছিল। তদন্তের স্বার্থে কলকাতা পুরসভার কাছ থেকেও একাধিক গুরুত্বপূর্ণ নথি তলব করা হয়েছে।
এদিকে, তারাতলা বিপর্যয়ের নেপথ্যে গাফিলতি ও নির্মাণ সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র তরজা। বিরোধীরা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুললেও, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন।


