Weather Alert
Bengal Liberty : টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা (Weather Alert)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, দুর্ভোগে সাধারণ মানুষ। এরই মধ্যে আজ, শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ইতিমধ্যেই একাধিক এলাকায় জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, নতুন করে ভারী বৃষ্টি হলে জলমগ্ন পরিস্থিতি আরও জটিল হতে পারে।

উত্তরবঙ্গের তিন জেলায় কমলা সতর্কতা (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ও ডুয়ার্স এলাকায় অতিবৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি, জল জমা এবং ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



