Biswarup Dey
Bengal Liberty : মাস পেরিয়েও থামছে না তৃণমূলের ভাঙন। একের পর এক নেতা-জনপ্রতিনিধির দলত্যাগে কোণঠাসা ঘাসফুল শিবিরে (Biswarup Dey)। এবার খাস কলকাতাতেই জোড়াফুলের সঙ্গ ত্যাগের ঘোষণা করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি তথা ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে। তারাতলার নির্মীয়মাণ গোডাউনের ছাদ ধসের ঘটনাকে সামনে রেখেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি দল ছাড়ার কথা জানান। একই সঙ্গে একাধিক বিতর্কিত ঘটনার উল্লেখ করে তৃণমূলের সঙ্গে আর নিজেকে যুক্ত রাখতে চান না বলেও স্পষ্ট করেন তিনি (Biswarup Dey)।

তারাতলা কাণ্ডের প্রসঙ্গ তুলে দলত্যাগের ঘোষণা (Biswarup Dey)
বৃহস্পতিবার উত্তর কলকাতায় আয়োজিত ‘আমরা বেইমান নই’ সভাতেও উপস্থিত ছিলেন বিশ্বরূপ দে। কুণালের আয়োজিত এই সভা থেকে বেরিয়েই দলত্যাগের ঘোষণা করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, বিবেকের তাড়নাতেই তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, একের পর এক ঘটনায় জোড়াফুল শিবিরের নাম জড়িয়ে পড়ায় তিনি মানসিকভাবে অত্যন্ত ব্যথিত। বিশেষ করে তারাতলার নির্মীয়মাণ গোডাউনের ছাদ ধসের ঘটনায় বহু মানুষের প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় কলকাতা পুরসভার ভূমিকা এবং ত্রুটিপূর্ণ নকশার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকাকেও পরোক্ষ ভাবে নিশানা করেন।

‘জোড়াফুলের সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না’ বলেন বিশ্বরূপ (Biswarup Dey)
ভিডিও বার্তায় বিশ্বরূপ দে স্পষ্ট ভাষায় জানান, তিনি আর তৃণমূল কংগ্রেস বা জোড়াফুল প্রতীকের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান না। তাঁর কথায়, শুধু তারাতলা নয়, গার্ডেনরিচ-সহ একাধিক ঘটনার পর তাঁর বিবেক আর এই দলের সঙ্গে থাকার অনুমতি দিচ্ছে না। তাই আগামী দিনে নিজের পথেই চলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, “যা করেছি, ভুল করেছি। আগামী দিনে হয়তো তার প্রায়শ্চিত্তও করতে হবে।” ভিডিওর শেষে তিনি লেখেন, “যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরেরও আলো”। তারাতলার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়েই নিজের ভিডিও শেষ করেন তিনি।



