US Iran Conflict
Bengal Liberty
শান্তি চুক্তি স্বাক্ষরের পরও আমেরিকা ও ইরানের(US Iran Conflict) মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগে ফের অশান্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।
হামলার পাল্টা হামলা(US Iran Conflict)
শুক্রবার ইরানের উপকূলবর্তী এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।


ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শান্তি প্রক্রিয়া ভঙ্গের অভিযোগও তুলেছেন তিনি।
শনিবার আজিজি বলেন, “আমেরিকা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিকে উপেক্ষা করে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। শান্তি চুক্তির পরও তাদের এই পদক্ষেপ বিশ্বের সামনে প্রকৃত অবস্থান স্পষ্ট করেছে। সংঘর্ষবিরতির মধ্যেও এই বেপরোয়া মনোভাব দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলছে।”

উত্তেজনার সূত্রপাত গত বৃহস্পতিবার। হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূল সংলগ্ন এলাকায় সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে ওয়াশিংটনের দাবি, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে ইরান। তবে তেহরান সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এরপর ইরান জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে। তারপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
শান্তি চুক্তি বা সমঝোতা সত্ত্বেও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ফলে পশ্চিম এশিয়ায় নতুন করে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এখন প্রশ্ন, এই সংঘাতের আদৌ কোনো স্থায়ী সমাধান হবে কি না—তা নিয়েই উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।


