North Bengal Development
Bengal Liberty: শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সফর শুরুর আগে সকালে নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ বিধানসভার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।

মুখ্যমন্ত্রীর সফরের কর্মসূচি (North Bengal Visit)
সফরের শুরুতেই শিলিগুড়িতে গিয়ে প্রবীণ বাম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি অশোক ভট্টাচার্য বাড়িতে পড়ে গিয়ে আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এরপর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যাবেন। সেখানে উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি, বর্ষাকালীন বিপর্যয় মোকাবিলা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন।

প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি মানবিক কর্মসূচিতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া পথ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন তিনি। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একজন সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করার কথা রয়েছে।
নির্ধারিত কর্মসূচি শেষ করে শুক্রবার বিকেলের বিমানে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও উত্তরকন্যা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


