Manik Bhattacharya
Bengal Liberty : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিল নগর দায়রা আদালত (Manik Bhattacharya)। সিবিআইএ-র চূড়ান্ত চার্জশিটের ভিত্তিতে শুক্রবার আদালতে আত্মসমর্পণ ও হাজিরার নির্দেশ ছিল। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করে আদালত। কেন তিনি হাজিরা দেননি, সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপশি পরবর্তী শুনানির দিন তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চার্জশিটে নাম থাকা অন্যান্য অভিযুক্তদেরও আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে উপস্থিত ছিলেন রত্না বাগচি চক্রবর্তী, বিভাস অধিকারী এবং সুজয় ভদ্র (Manik Bhattacharya)।

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া অবস্থান আদালতের (Manik Bhattacharya)
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৎকালীন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। দীর্ঘ সময় জেলবন্দি থাকার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই কলকাতা হাই কোর্ট তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দেয়।
গত বছরের দুর্গাপুজোর সময় এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে দাবি করা হয়েছে, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা ঘুষ তোলা হত। তদন্তকারীদের অভিযোগ, বীরভূমের কৃষ্ণপুরের একটি আশ্রমে সেই অর্থ সংগ্রহ করা হত। পরে বস্তাবন্দি করে একাধিক দফায় সেই টাকা কলকাতায় পাঠানো হয়, যার গন্তব্য ছিল মানিক ভট্টাচার্যের সঙ্গে যুক্ত একটি ঠিকানা। এই অভিযোগকেই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরে সিবিআই। বর্তমানে মানিক জামিন মুক্ত থাকলেও আদালতের নির্দেশ অবমাননা করেন।



