Humayun Kabir TMC
Bengal Liberty:
বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। পুলিশের তলব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এবার শক্তিপুর থানার ওসিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গত কয়েকদিন ধরেই ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যকে কেন্দ্র করে চর্চায় রয়েছেন হুমায়ুন কবীর। সেই মন্তব্যের জেরে শক্তিপুর ও রেজিনগর দুই থানাই তাকে হাজিরার নোটিশ পাঠিয়েছে। শুক্রবার শক্তিপুর থানায় তার হাজিরা দেওয়ার কথা থাকলেও, আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে সেখানে যাবেন না। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর আরও বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন, শক্তিপুর থানার ওসি নাকি বিভিন্ন জায়গায় তার প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করছেন।

ওসিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য
শক্তিপুর থানার ওসির আচরণ নিয়ে বিধায়ক জানিয়েছেন, ” গত ৩০ তারিখের পর থেকে ওসি এলাকার পার্টির কর্মীদের বাড়ি গিয়ে গালিগালাজ করছে, সে নিজেকে আমার (হুমায়ুন কবীরের) বাবা বলে সম্মোধন করছে। তার সাথে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই বোঝা যাবে। জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠাব এই বিষয়ে। হুমায়ুন কবীরের ডাকে যে লোক জমা হয়, তা আবার জমা করব। সময় হলেই বাবার সাথে দেখা করতে যাব।” পুলিশি তলবকে ঘিরে হুমায়ুন কবীরের এই মন্তব্য ও অবস্থান নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।


