Satendra Soni
Bengal Liberty:
লাপতা লেডিজে অভিনয় করে পরিচিতি পাওয়া এবং মির্জাপুর ওয়েব সিরিজে অভিনেতা সতেন্দ্র সোনি বকেয়া পারিশ্রমিক চাইতে গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন (Satendra Soni)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তিনি নিজের অভিজ্ঞতার কথা জানান এবং কান্নায় ভেঙে পড়েন।

কী ঘটেছিল? Satendra Soni
সতেন্দ্র সোনির দাবি, তিনি মধ্যপ্রদেশে ‘পেড় পালখি’ নামে একটি ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। চুক্তি অনুযায়ী, শুটিং শেষ হওয়ার পর তাঁর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল। টানা আট দিন শুটিং করার পর তিনি পারিশ্রমিক চাইলে পরিচালক পুষ্পেন্দ্র সিং-এর আচরণ বদলে যায় বলে অভিযোগ। তাঁর দাবি, টাকা চাওয়ার পর তাঁকে ১০ মিনিটের মধ্যে হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এলাকায় থাকলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

গাড়ি নিয়ে তাড়া ও মারধরের অভিযোগ
সতেন্দ্র সোনির অভিযোগ, পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে তাঁদের তাড়া করেন। পরে রাস্তার মাঝেই তাঁকে এবং তাঁর সহ-শিল্পীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলেও তিনি দাবি করেছেন। আতঙ্কিত অবস্থায় সেখান থেকে বেরিয়ে শেষ পর্যন্ত তিনি নিরাপদে মুম্বই ফিরে আসেন।
পুলিশের সহায়তা
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সতেন্দ্র মৈহার পুলিশ, অভিনেতা আশুতোষ রানা এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের সহায়তায় তিনি নিরাপদে মুম্বই ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন।
চলচ্চিত্র জগতে পারিশ্রমিক বকেয়া রাখা বা চরিত্রাভিনেতাদের হয়রানির অভিযোগ নতুন নয়। অতীতেও বহু শিল্পী এ ধরনের সমস্যার কথা প্রকাশ্যে এনেছেন। সতেন্দ্র সোনির অভিযোগ সামনে আসার পর আবারও চরিত্রাভিনেতাদের নিরাপত্তা ও প্রাপ্য পারিশ্রমিক নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।


