Jhargram News
Bengal Liberty:
দীর্ঘদিন রাজ্যে শিল্পের অভাবে ভিন্রাজ্যে পাড়ি দিত জঙ্গলমহলের বহু যুবক-যুবতী (Jhargram News)। এবার সেই পরিস্থিতি বদল ঘটছে। শিল্প, পর্যটন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থানের রূপরেখা তৈরি হচ্ছে। দেশের অন্যতম সংগঠন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জঙ্গলমহলকে ঘিরে নতুন বিনিয়োগ ও শিল্প গড়ে তোলার পরিকল্পনা করছে।

ভিনরাজ্যে পাড়ি দেওয়ার দিন শেষ
সম্প্রতি ঝাড়গ্রাম শহরের একটি অতিথিশালায় BNCCI-র ঝাড়গ্রাম জেলা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পায়নের পাশাপাশি ট্রাইবাল টুরিজম, ইকো-টুরিজম এবং স্থানীয় প্রাকৃতিক ও কৃষি সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তাদের মতে, জঙ্গলমহলের ঐতিহ্য, সংস্কৃতি, বনাঞ্চল ও কৃষি সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে এলাকায় নতুন শিল্প গড়ে ওঠার পাশাপাশি পর্যটন শিল্পও দ্রুত বিকশিত হবে। তবে সংগঠনের দাবি, স্থানীয় স্তরে শিল্প ও ব্যবসার প্রসার ঘটলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। যুবসমাজকে আর কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না। একইসঙ্গে ক্ষুদ্র, কুটির ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশের মাধ্যমে জঙ্গলমহলের অর্থনীতি আরও জোরদার হবে বলে আশা করা হয়েছে।


