Humayun Kabir
মুর্শিদাবাদ: উসকানিমূলক মন্তব্যের অভিযোগে শক্তিপুর ও রেজিনগর থানার নোটিশ পাওয়ার পর, শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজিরা দিলেন ভরতপুরের বিধায়ক তথা ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সুপ্রিমো হুমায়ুন কবীর। জানা গেছে, একটি নির্দিষ্ট মামলার তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে তলব করেছিল। থানায় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি সেখান থেকে বেরিয়ে যান।

তবে এই হাজিরার মধ্যেই নতুন করে চর্চায় উঠে এসেছে শক্তিপুর থানায় তাঁর অনুপস্থিতির বিষয়টি। সূত্রের খবর, শুক্রবার শক্তিপুর থানায় তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

পুলিশ সূত্রে জানা গেছে, রেজিনগর থানায় হুমায়ুন কবীরকে তাঁর বিতর্কিত মন্তব্য ও সংশ্লিষ্ট একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে, শক্তিপুর থানায় হাজিরা না দেওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নিয়ে পুলিশ প্রশাসনের উচ্চস্তরে আলোচনা চলছে। পরপর দুই থানার নোটিশ এবং একটিতে হাজিরা ও অন্যটিতে অনুপস্থিতির ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।


