Syama Prasad Mukherjee
Bengal Liberty ;
খাস কলকাতায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর প্রাক্কালে মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিটে তার আবক্ষ মূর্তির বেদী ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঠিক একদিন পরেই যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্যজুড়ে জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি চলছে। তার আগেই এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জন্মদিবস পালনের আগেই মূর্তি ভাঙা Syama Prasad Mukherjee
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে এলাকার বাসিন্দারা সুকিয়া স্ট্রিটের এপিসি রোডে স্থাপিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদীর নিচের অংশ ভেঙে পড়ে থাকতে দেখেন। মূর্তির উপরের অংশ অক্ষত থাকলেও বেদী এবং নামফলক ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। আগামীকাল, ৬ জুলাই, এই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে।
এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি সরকার। নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহেই মূর্তি ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক তরজা আরও বেড়েছে।

