Minakshi Mukherjee
Bengal Liberty: কোচবিহারের শীতলকুচিতে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোড়ার ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার ওই ঘটনার পর, বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চান মীনাক্ষী মুখোপাধ্যায়ের আইনজীবী অভিষেক হালদার। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
ঘটনার প্রেক্ষাপট (Minakshi Mukherjee)
মঙ্গলবার কোচবিহারে এক মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শীতলকুচিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এই ঘটনায় শাসকদলের দিকে আঙুল তুলেছে বাম নেতৃত্ব। যদিও মীনাক্ষী এই হামলার নেপথ্যে বিজেপিরও যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেছেন। ঘটনার পরই মীনাক্ষী নিজে ফেসবুক লাইভ করে পুলিশের নিষ্ক্রিয়তা ও তাঁর নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন।

হাইকোর্টের হস্তক্ষেপ (Minakshi Mukherjee)
এদিন হাইকোর্টে মীনাক্ষীর আইনজীবীরা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিচারবিভাগীয় হস্তক্ষেপের প্রার্থনা জানান। আবেদন শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্রই এই বিষয়ে শুনানি শুরু হবে।

রাজনৈতিক চাপানউতোর (Minakshi Mukherjee)
শীতলকুচির এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুলিশের ভূমিকা নিয়ে মীনাক্ষীর ক্ষোভ এবং পরবর্তীতে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এখন আদালতের নির্দেশে তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

