UCC bill
Bengal Liberty
রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) বা অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রস্তুতিতে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধি চালুর রূপরেখা এবং কমিটি গঠনের পরবর্তী পদক্ষেপ নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে।

কার্যকর হতে চলেছে ইউসিসি
এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে UCC চালুর লক্ষ্যে রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনের ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “ইউনিফর্ম সিভিল কোড বাংলায় হবেই। এর নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। উত্তরাখণ্ড, গুজরাত ও অসমে যে পদ্ধতিতে হয়েছে, এখানেও সেই পদ্ধতিতেই হবে।” সূত্রের খবর, আগামী এক থেকে দু’দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশিকা জারি করতে পারে রাজ্য সরকার। তার আগেই দিল্লিতে মুখ্যসচিবের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আইন দফতরও ইতিমধ্যেই এর প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

প্রস্তাবিত UCC-র আওতার বাইরে আদিবাসী সম্প্রদায়কে রাখা হতে পারে কি না, সেই বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর বিভিন্ন পক্ষের মতামত, আইনি দিক এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার।

