Digha Rath Yatra
Bengal Liberty: সৈকত শহর দিঘায় আজ বৃহস্পতিবার মহা সমারোহে পালিত হতে চলেছে জগন্নাথ দেবের দ্বিতীয় রথযাত্রা। গত এক বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের উৎসবে চোখে পড়ার মতো একাধিক পরিবর্তন এসেছে। পুরীর মন্দিরের আদলে সাজানো হয়েছে এবারের আয়োজন।
কী কী বদল এল এবারের রথযাত্রায়? (Digha Rath Yatra)
জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মাথায় এবার শোভা পাবে পুরী থেকে আনা বিশেষ ‘রাজমুকুট’। বিগ্রহদের পরানো হবে বিশেষ রাজকীয় পোশাক। গতবারের যান্ত্রিক গোলযোগ এড়াতে এবার রথের চাকার লোহার বেড়ি বদলে লাগানো হয়েছে বিশেষ টায়ার। রথকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার থাকছে স্টিয়ারিং ও ব্রেক সিস্টেম। গত বছর যেখানে কড়া নিরাপত্তার বেড়াজালে সাধারণ মানুষ রথের রশি ধরার সুযোগ পাননি, এবার ভিআইপি সংস্কৃতি কমিয়ে রথের রশি তুলে দেওয়া হয়েছে সাধারণ ভক্তদের হাতে।

উদ্বোধনী অনুষ্ঠান (Digha Rath Yatra)
মন্দির ট্রাস্ট সূত্রে খবর, আজ বিকেল ৩টে থেকে ৩টে ৩০ মিনিটের মধ্যে রথযাত্রা শুরু হবে। উৎসবের শুভ সূচনা করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রাজ্য সরকারের পক্ষ থেকে এই উৎসবের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও প্রস্তুতি (Digha Rath Yatra)
গত কয়েক দিন ধরে রাস্তা সংস্কার ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রায় ৯-১০ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। পর্যটকদের ভিড় সামলাতে ও সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন করতে প্রশাসন এবং পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

