Bappadittya Dasgupta
Bengal Liberty: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতী হামলার শিকার হলেন আলিপুর আদালতের এক আইনজীবী। আক্রান্ত ওই আইনজীবীর নাম পারমিতা দে। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষের বিরুদ্ধে মামলা লড়ার কারণে তাঁকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
ঘটনার বিবরণ (Paramita Dey)
ঘটনাটি ঘটেছে গত ১৭ জুলাই রাতে। আইনজীবী পারমিতা দে তাঁর লিখিত অভিযোগপত্রে জানিয়েছেন, ক্রমাগত প্রাণনাশের হুমকি পাওয়ার পর তিনি সে বিষয়ে অভিযোগ জানাতে পাটুলি থানায় যাচ্ছিলেন। সেই সময় অল্টামাউন্ট অ্যাপার্টমেন্টের কাছে দুটি অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর গাড়ির সামনে আসে এবং আচমকা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করে। আক্রান্ত আইনজীবীর দাবি, হামলাকারী দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালানোর সময় বাপ্পাদিত্য এবং সৌরভের নাম করে হুমকি দিয়ে যায় যে, মামলা থেকে সরে না দাঁড়ালে আগামী দিনে আরও বড় বিপদের মুখে পড়তে হবে।
আইনজীবীর দাবি (Paramita Dey)
এই ঘটনাকে কেবল ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে, বিচারব্যবস্থার কাজে বাধা দেওয়ার একটি পরিকল্পিত প্রয়াস বলে মনে করছেন আক্রান্ত আইনজীবী। তিনি অবিলম্বে বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ ও তাদের সহযোগীদের ভূমিকা তদন্ত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। পাশাপাশি, নিজের জীবনের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশি সুরক্ষাও দাবি করেছেন তিনি।

