Suvendu Adhikari
Bengal Liberty: রাজ্যের আর্থিক জবাবদিহি ফেরাতে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে সচল করতে বিধানসভায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাব দিতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিনের আটকে থাকা ক্যাগের (CAG) রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিললে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা মন্ত্রী—কাউকেই ছাড় দেওয়া হবে না। সরাসরি রাজ্যপালের কাছে এফআইআর দায়েরের সুপারিশ করা হবে।

বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ জুলাই ক্যাগের রিপোর্ট পেশ করা হবে এবং পরবর্তী অধিবেশনে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আগের সরকার ক্যাগ ও লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করার নিয়ম মানেনি। এছাড়া, আমফান সাইক্লোনের সময় কেন্দ্রীয় সরকারের দেওয়া ৩,৭৫০ কোটি টাকা বরাদ্দের বিশেষ ক্যাগ রিপোর্টও এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি।

পাশাপাশি, মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে এতদিন অচল করে রাখা হয়েছিল অভিযোগ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী পহেলা আগস্ট থেকে এই সমস্ত বডিগুলি পুরোপুরি সচল হবে এবং সমস্ত অভিযোগ নিয়ে কঠোর পদক্ষেপ করবে। এছাড়া, ইউনিফর্ম সিভিল কোড (UCC) সংক্রান্ত কমিটির রিপোর্ট হাতে এলেই বিশেষ অধিবেশন ডাকার সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

