Shubhankar Sarkar
Bengal Liberty
ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল প্রদেশ কংগ্রেস (Shubhankar Sarkar)। শনিবার এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের নামে সংবাদমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কংগ্রেস সর্বদাই শান্তিপূর্ণ ও অহিংস গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।”

সাংবাদিক হামলায় সরব কংগ্রেস
শুভঙ্কর সরকার বলেন, ছাত্র সমাজের ন্যায্য দাবি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, ছাত্র-যুব আন্দোলনের গতি রোধ করতে এবং আন্দোলনকে কলুষিত করতে বিজেপি বিভিন্ন চক্রান্ত করছে। ধর্মতলার ঘটনায় বিজেপি নিজেদের লোক খাইয়ে আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে কি না, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। তাই কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

