Bengal Liberty : রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সভা-মিছিলের অনুমতি না পাওয়া, বিরোধী কর্মীদের বিরুদ্ধে মামলা, সেন্সাস, ভোটার তালিকা, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মান, আশাকর্মীর মৃত্যু থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ, সব মিলিয়ে বিস্ফোরক আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেন, বিরোধীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। একইসঙ্গে বৃহত্তর গণআন্দোলনের ডাক দিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি (Mamata Banerjee)।

গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না; অথচ অন্য রাজনৈতিক দল সেই অনুমতি পাচ্ছে। তাঁর দাবি, এটি সংবিধানপ্রদত্ত অধিকার লঙ্ঘনের শামিল। তাঁর কথায়, “অনুচ্ছেদ ১৪, ১৯ এবং ২১ আমাদের অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, বিরোধী কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করা হচ্ছে এবং পঞ্চায়েত, পুরসভা ও জেলা পরিষদ দখলের চেষ্টা চলছে। সেন্সাস ও ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, বিরোধী দলকে না জানিয়েই এসব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বৃহৎ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি করা দরকার। সবাইকে একজোট হয়ে লড়তে হবে।”

বিজেপিকে নিশানা (Mamata Banerjee)
নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে খাটো করার চেষ্টা চলছে। তাঁর প্রশ্ন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে। তাঁর অন্তর্ধান রহস্য উদঘাটনের প্রতিশ্রুতি কোথায় গেল?” পাশাপাশি আশা কর্মীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বলেন, “আমি আশা কর্মীদের পাশে আছি। খুব শীঘ্রই একটি প্রতিনিধি দল পাঠিয়ে পরিবারের সঙ্গে কথা বলব।” একই সঙ্গে কর্মসংস্থান, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প এবং বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জীবিকা কেড়ে নেওয়ার আগে বিকল্প ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/04/school-syllabus/


