Bengal Liberty
কখনও থাপ্পড়-কাণ্ডে শ্রীশান্তের(Harbhajan Singh) সঙ্গে দ্বন্দ্ব, কখনও সমালোচকদের ‘ধোনির ফ্যান’ বলে কটাক্ষ, আবার কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য। এরই মধ্যে খালিস্তানি নেতা জারনাল সিং ভিন্দ্রনওয়ালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন ঘিরেও বিতর্কে জড়িয়েছেন হরভজন সিং। এবার সেই তালিকায় যুক্ত হল ‘জম্বি ড্রাগ’ বিতর্ক।

দায়িত্বজ্ঞানহীন ভাজ্জি(Harbhajan Singh)
‘জম্বি ড্রাগ’-এর প্রভাবে পাঞ্জাবের তরুণরা রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় ঘুরছে—এমন দাবি করে একটি ভিডিও পোস্ট করে নেটিজেনদের ট্রলের মুখে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। অভিযোগ, ভিডিওটির সত্যতা যাচাই না করেই তিনি সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর সমালোচনার মুখে শেষ পর্যন্ত ভিডিওটি সরিয়ে নেন হরভজন। তবে প্রশ্ন উঠছে, একজন রাজ্যসভার সাংসদ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁর কি কোনও তথ্য যাচাই না করে এমন ভিডিও পোস্ট করা উচিত ছিল? এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর চর্চা। এরই মধ্যে হরভজনের নাম জড়িয়েছে একাধিক বিতর্কে।
হরভজন আর বিতর্ক(Harbhajan Singh)
১৯৯৮ সালে ক্রিকেট কেরিয়ারের শুরুতেই রিকি পন্টিংকে উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে তিন ম্যাচের জন্য নির্বাসিত হয়েছিলেন তরুণ হরভজন সিং। পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেটে কোচের সঙ্গে মতবিরোধ থেকে শুরু করে সতীর্থের সঙ্গে হাতাহাতির মতো ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে।
আরও খবর

তবে এসব বিতর্ক পেরিয়েও ক্রিকেটে নিজের জায়গা তৈরি করেছিলেন ভাজ্জি। ২০০৮ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রয়াত অজি তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তাঁর ‘মাঙ্কিগেট’ কাণ্ডও ক্রিকেটবিশ্বে বহুল চর্চিত। সেই বিতর্কিত অধ্যায়ের পর আইপিএলের প্রথম মরসুমেই ভারতের সতীর্থ ক্রিকেটার এস শ্রীশান্তকে থাপ্পড় মারার ঘটনায় নির্বাসনের শাস্তি পেতে হয় হরভজনকে।
ক্রিকেট থেকে অবসরের পরেও বিতর্ক পিছু ছাড়েনি হরভজনের। একটি অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাঁর মন্তব্য নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। তিনি বলেছিলেন,
‘সৌরভ আমার মামার ছেলে নয়। আমি ভালো পারফর্ম না করলে ওঁর চাকরিও চলে যেত।’হরভজনের এই মন্তব্য অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হয়েছিল। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও বিভিন্ন সময়ে তাঁর মন্তব্য নিয়ে চর্চা হয়েছে। সুযোগ পেলেই ‘ক্যাপ্টেন কুল’-কে খোঁচা দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এমনকি খালিস্তানি নেতা জারনাল সিং ভিন্দ্রনওয়ালের প্রতি শ্রদ্ধা প্রকাশের ঘটনাতেও বিতর্কে জড়িয়েছিলেন হরভজন। সব মিলিয়ে ‘টার্বনেটর’ হরভজন সিং ফের বিতর্কের কাঠগড়ায়। এরপর আর কোন নতুন বিতর্কে ভাজ্জির নাম জড়ায়, তার উত্তর দেবে ভবিষ্যৎই।



