Bengal Liberty: আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক নক্ষত্রপতন! এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। শুক্রবার, ৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি। এর সঙ্গেই দীর্ঘ ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় দলের এই তারকা পেসার।
২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শামির। আর ঠিক ১৩ বছর পর সেই একই দিনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। দেশের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলে মোট ২২৯টি উইকেট সংগ্রহ করেছেন এই ডানহাতি পেসার। তাঁর বোলিং গড় ২৭.৭১। পাশাপাশি রয়েছে ৬টি পাঁচ উইকেটের ইনিংস। টেস্ট ক্রিকেটে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৬/৫৬।
অবসরের কথা জানিয়ে শামি লেখেন, সাদা জার্সিকে বিদায় জানাচ্ছেন ঠিকই, কিন্তু সেই জার্সির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলিকে কখনও বিদায় জানাতে পারবেন না।
আরও খবর
তাঁর কথায়, টেস্ট ক্রিকেট তাঁর কাছে শুধুমাত্র একটি ফরম্যাট নয়, বরং জীবনের অত্যন্ত বিশেষ একটি অধ্যায়।
পাশাপাশি নিজের দীর্ঘ ক্রিকেট সফরে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, পরিবার, সমর্থক এবং বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও।
২০২৩ সালের জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল ভারতের হয়ে শামির শেষ টেস্ট ম্যাচ। এরপর একাধিক চোট এবং ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন লাল বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তাঁর।
তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও আন্তর্জাতিক ক্রিকেটকে সম্পূর্ণ বিদায় জানাচ্ছেন না শামি। সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে শামির।
ভারতীয় ক্রিকেটে রিভার্স সুইং এবং দুরন্ত পেস বোলিংয়ের জন্য পরিচিত মহম্মদ শামির টেস্ট অধ্যায় শেষ হল। ৬৪টি ম্যাচ, ২২৯টি উইকেট এবং অসংখ্য স্মৃতি নিয়ে এবার সাদা জার্সিকে বিদায় জানালেন বাংলার এই তারকা ক্রিকেটার। তবে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকার পর অবশেষে আচমকায় লাল বলের ক্রিকেট কে বিদায় জানালেন ভারতের পেস বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ শামি। টেস্ট ক্রিকেটের পর কী একদিনের ক্রিকেট ও টি২০ ক্রিকেট কেও বিদায় জানাবেন তিনি? এই নিয়েই জল্পনা তুঙ্গে।


