Indigo flight cancellation
Bengal Liberty Desk, ৬ ডিসেম্বর, কলকাতা: পর পর ৪ দিন, বিপর্যস্ত ইন্ডিগোর বিমান (Indigo Flight) পরিষেবা। একের পর এক উড়ান বাতিল (Flight Cancelled)। বৃহস্পতিবার সারা দিনে মোট ৫৫০টি, শুক্রবার হাজারেরও বেশি ও শনিবার আটশোর বেশি বিমান বাতিল করতে হয়েছে ইন্ডিগো বিমান সংস্থাকে। যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। অবস্থা বুঝে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে দেশের অন্য বিমান সংস্থাগুলির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এ বার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। শনিবার ইন্ডিগো সংস্থাকে তারা নির্দেশ দিয়ে জানায়, রবিবার রাত ৮টার মধ্যেই বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরাতে হবে যাত্রীদের। অন্য সংস্থাগুলি যাতে ইচ্ছামতো ভাড়া নিতে না-পারে, সেই নিয়েও তৎপর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত বিমানের ভাড়াও বেঁধে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইন্ডিগো সংস্থার CEO পিটার এলবার্সের সঙ্গে যোগাযোগ রাখছে প্রধানমন্ত্রীর দফতর।

শুক্রবার সারা দেশে ইন্ডিগোর হাজারেরও বেশি বিমান বাতিল হয়েছিল। শনিবার সেই সংখ্যাটা কমেছে। ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার রাত পর্যন্ত প্রায় ৮৫০টি উড়ান বাতিল হয়েছে। বিপাকে পড়ে নাজেহাল অবস্থা যাত্রীদের। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইচ্ছামতো দর হাঁকাচ্ছে অন্য বিমান সংস্থাগুলি। বাধ্য হয়ে কিছু যাত্রী দ্বিগুণ, তিন গুণ দামেই সেই টিকিট কেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ আবার গিয়েছেন ট্রেনে বা বাসে। তবে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি তাঁরা। যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। তবে যাত্রীদের একাংশের ক্ষোভ, এত দেরিতে কেন পদক্ষেপ করা হচ্ছে।
কড়া পদক্ষেপ কেন্দ্রের
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত যতগুলি বিমান বাতিল হয়েছে, সেগুলির টিকিটের টাকা রবিবার রাত ৮টার মধ্যে ফেরাতে হবে যাত্রীদের। এ জন্য যাত্রীদের যেন তাগাদা করতে না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে বিমান সংস্থাকে। যত দিন না পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে, তত দিন ‘অটোমেটিক রিফান্ড’ ব্যবস্থা চালু রাখতে হবে সংস্থাকে।
মন্ত্রকের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, যে সকল যাত্রীরা এই বিমান বিভ্রাটের জেরে যাত্রার দিন বদলাতে বাধ্য হয়েছেন, তাঁদের থেকে বাড়তি টাকা আদায় করতে পারবে না ইন্ডিগো সংস্থা। অনেক সময়েই যাত্রীরা মালপত্র ইন্ডিগো কর্মীদের কাছে জমা রেখেছিলেন। তার পরে দেখা গিয়েছে, সেই বিমান বাতিল হয়েছে বা অনেক দেরিতে ছাড়ছে। এ সব ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে যাত্রীদের কাছে সেই মালপত্র ফেরানোর নির্দেশ দিয়েছে মন্ত্রক। যত দিন এই দূরাবস্থা চলবে, তত দিন যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার কথাও বলা হয়েছে সংস্থাকে।
