Nepal
Nepal

Nepal Flood: ৪০ সেকেন্ডে পাহাড়ে উঠে প্রাণরক্ষা, এখনও সুড়ঙ্গের নীচে বহু শ্রমিক!

Bengal Liberty 

নেপাল বিপর্যয়ের পর সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রসুয়া ও নুওয়াকোট জেলার অন্তত ১১টি জলবিদ্যুৎ প্রকল্পে (Nepal Flood)। প্রকল্পগুলির নির্মাণস্থল ও সুড়ঙ্গে আটকে পড়েছেন বহু শ্রমিক। অনেকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্রের খবর, ওই ১১টি প্রকল্পে মোট ৯৩৪ জন শ্রমিক নিখোঁজ ছিলেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত ৩৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে অথবা তাঁরা নিজেরাই কোনওভাবে নিরাপদ জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছেন। ফলে এখনও অন্তত ৫৭৩ জন শ্রমিক নিখোঁজ বা আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে বাস্তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Nepal Flash Flood
Nepal Flash Flood

চার জলবিদ্যুৎ প্রকল্পেই সবচেয়ে বেশি নিখোঁজ 

নেপালের জ্বালানি ও জলসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিপর্যস্ত শ্রমিকদের মধ্যে নেপালের পাশাপাশি ভারত, চিন, দক্ষিণ কোরিয়া এবং জার্মানির নাগরিকও রয়েছেন। আক্রান্ত ১১টি প্রকল্পের মধ্যে পাঁচটি এখনও নির্মাণাধীন। ফলে সেখানে বহু অসংগঠিত ও আনরেজিস্টার্ড শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অনেকের হিসাব সরকারি তালিকায় নেই বলেও আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি শ্রমিক নিখোঁজ চারটি প্রকল্পে—

আপার ত্রিশূলী-১ (216 MW): নিখোঁজ ৩২২ জন

আপার ত্রিশূলী-৩বি: নিখোঁজ ১২২ জন

আপার ত্রিশূলী-৩এ: নিখোঁজ ৪৩ জন

রসুওয়াগধি হাইড্রোপাওয়ার প্রজেক্ট (111 MW): নিখোঁজ ৪৪ জন

সুড়ঙ্গের ভিতরে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসস্তূপ জমে থাকায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। অন্ধকার সুড়ঙ্গের ভিতরে কতজন এখনও জীবিত রয়েছেন, তা নিয়েই এখন সবচেয়ে বড় উদ্বেগ প্রশাসনের।

Advertisement
Advertisement

নেপালকে সাহায্যে ভারতের বিশেষ টানেল রেসকিউ টিম

বিপর্যয়ের ভয়াবহতা বুঝে নেপালের উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। শুক্রবার ভারতের পাঠানো তৃতীয় বিমানে ১১ সদস্যের বিশেষজ্ঞ প্রযুক্তিগত ও চিকিৎসা দল কাঠমান্ডুতে পৌঁছয়। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, দলটি ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলির সুড়ঙ্গ এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছে। এরপর শনিবার ভারতীয় বায়ুসেনার C-130J Hercules বিমানে ১৩ সদস্যের বিশেষ প্রশিক্ষিত টানেল রেসকিউ টিম নেপালে পৌঁছনোর কথা। সঙ্গে থাকবে উদ্ধারকাজে প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম। এছাড়াও মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ছয়টি ফরেনসিক টিমের ১৯ জন বিশেষজ্ঞকেও পাঠানো হচ্ছে। নেপালে প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও পাঠাচ্ছে ভারত।

স্ট্যান্ডবাইয়ে NDRF

নেপালের পরিস্থিতির দিকে নজর রেখে ভারতীয় NDRF-কেও সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। নেপাল সরকারের আনুষ্ঠানিক অনুরোধ পেলেই NDRF-এর দল উদ্ধারকাজে নামতে পারবে।ভয়াবহ বন্যার অভিজ্ঞতা জানিয়েছেন আপার ত্রিশূলী-১ প্রকল্পের ইঞ্জিনিয়ার অজয় চৌধুরী। তাঁর দাবি, সকাল ৮টা ৫৯ মিনিটে বন্যার বিশাল ঢেউ আছড়ে পড়ে। তাঁরা মাত্র ৪০ সেকেন্ডে পাহাড়ে উঠতে পারলেও প্রায় ১৫০-২০০ জন কর্মী বেরোতে পারেননি। চোখের সামনেই ধসে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়।

 

প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অশোক কুমার মণ্ডল জানান, সুড়ঙ্গের মুখে ১০-১২ ফুট কাদা ও ধ্বংসস্তূপ জমে সব পথ বন্ধ হয়ে যায়। অজয়-সহ প্রায় ১২০ জন শ্রমিক দু’দিন পাহাড়ি পথে হেঁটে নুওয়াকোটে পৌঁছন। অশোকের দাবি, প্রায় ৫০ মিটার উঁচু জলের স্রোতে গোটা প্রকল্প এলাকা তলিয়ে যায় এবং ৩৫-৪০ জন সহকর্মীকে চোখের সামনে ভেসে যেতে দেখেন তিনি। এখনও বহু শ্রমিক সুড়ঙ্গ ও ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা।

 

আরও পড়ুনঃ এফআইআর, সমন তলব যেন সমার্থক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার অভিষেকের বাড়িতে পুলিশ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury