Bengal Liberty: কেবল ভাতা, অনুদান আর সরকারি প্রকল্প দিলেই হবে না, সমাজ সংস্কারও করতে হবে। মালদায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ধর্ম পরিবর্তন, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ থেকে শুরু করে পশু হত্যা আইন সহ একাধিক সামাজিক ইস্যুতে কড়া বার্তা দেন তিনি।
আসছে পশু হত্যা আইন
মালদায় দাঁড়িয়ে পশু হত্যা নিয়ে কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, “১৯৫০ সালের পশু হত্যা আইন কার্যকর হবে। কোনও গো – মাতার উপর হাত যেন কেউ না ওঠায়।” এখানেই প্রশ্ন উঠছে তবে কি গো হত্যা বন্ধ হচ্ছে বাংলায়? একইসঙ্গে সকলকে মিলেমিশে থাকার আহ্বান জানান তিনি।
২০২২ সালের শুরুর দিকে কালিয়াচক থানা এলাকার দুই হিন্দু ভাই বুদ্ধু মণ্ডল ও গৌরাঙ্গ মণ্ডল নিখোঁজ হন এবং পরে অভিযোগ ওঠে যে তাদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ধর্ম পরিবর্তন রুখতেও বার্তা দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “কোথাও ধর্ম পরিবর্তন হবে না। মিলেমিশে থাকুন।” পাশাপাশি লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ নিয়েও সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দুর কথায়, “লাভ জিহাদ বন্ধ হবে। ল্যান্ড জিহাদ বন্ধ হবে।” জমি সংক্রান্ত বিষয়েও কড়া আইন প্রণয়নের কথাও বলেন তিনি।
CAA সার্টিফিকেট নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, যোগ্য আবেদনকারীদের দ্রুত শুনানি করে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে যাঁরা সার্টিফিকেট পেয়েছেন, তাঁদের নাম ভোটার তালিকায় তোলার কথাও জানান তিনি।
SIR চলাকালীন মালদার কালিয়াচক ও মোথাবাড়ির ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আইনজীবীদের আটক করে তাণ্ডবের ঘটনায় এক বিশেষ সম্প্রদায়ের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দুর ঘোষণা, “আমি বেঁচে থাকতে আর কালিয়াচক, মোথাবাড়ির মতো করতে দেব না।” একইসঙ্গে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে থাকার বার্তাও দেন তিনি।


