Bengal Liberty : আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই! শুক্রবার আরজি করে এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, “২০২৪ সালের ১৪ অগস্ট রাতে যখন অভয়ার বিচারের দাবিতে গোটা দেশ উত্তাল, সেই সময় একদল যুবক আরজি কর হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। সেই হামলার নেপথ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাক্তন বিধায়ক রথীন ঘোষ পুলিশকে সরিয়ে গুন্ডা পাঠিয়ে হামলা চালিয়েছিলেন।”
এ দিন রত্না দেবনাথকে পাশে নিয়ে আরজি কর-কাণ্ডে একাধিক প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের ভাঙা অংশের সংস্কার কেন করা যাচ্ছে না এবং কেন তার জন্য হাই কোর্টের অনুমতি প্রয়োজন, তা-ও ব্যাখ্যা করেন তিনি। তাঁর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ত দফতর হাসপাতালের একাংশের সংস্কার করলেও বাকি অংশের সংস্কার হয়নি। শৌচাগার সংস্কারের নির্দেশের নেপথ্যেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকার ইঙ্গিত দেন তিনি।
পানিহাটির শ্মশানে নির্যাতিতার দেহ দ্রুত সৎকার করার ঘটনা নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু। অভয়ার মায়ের দাবিকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেন, আরজি কর-কাণ্ডে কোন কোন তদন্ত আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে গিয়েছে এবং কোন বিষয়গুলি পুলিশের এক্তিয়ারভুক্ত নয়।
আরও খবর
মুখ্যমন্ত্রীর দাবি, “আরজি করের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই এবিভিপির চিকিৎসক সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুলিশের মার খেয়েও তাঁরা প্রতিবাদ করে গিয়েছেন। ক্ষমতায় এসেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছি। বিরূপাক্ষের লাইসেন্স বাতিল করেছি। সিবিআই সব দিক খতিয়ে দেখছে। কাউকে ছাড়া হবে না।”


