Bengal Liberty : আপৎকালীন পরিস্থিতিতে এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। জরুরি পরিষেবায় আর দেরি নয়, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হল ১১২ জরুরি পরিষেবা। একই সঙ্গে পুলিশের বহরে যুক্ত হল ৪৫০টি গাড়ি ও ৪৫০ মোটর বাইক। ব্রিগেডে রাজ্য পুলিশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন পুজোর আগেই রাজ্য পুলিশে প্রায় ১১ হাজার নতুন কনস্টেবল নিয়োগ হবে। তারই সঙ্গে এক বছরের মধ্যে প্রতিটি থানায় ৪টি করে গাড়ি ও ৪টি করে মোটরবাইক দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন তিনি। তৈরি করা হবে কুইক রেসপন্স টিমও।
এক ফোনেই কুইক রেসপন্স!
মহালয়ার দিন রাজ্যে ১১২ জরুরি পরিষেবা চালু হল। ফলে আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ দ্রুত পুলিশি সহায়তা পাবেন বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন এই পরিষেবা চালু রাখার লক্ষ্য প্রশাসনের। পাশাপাশি প্রতিটি থানায় ১টি করে গাড়ি ও ১টি করে মোটরবাইক ৪৫০টি থানায় বরাদ্দ করলেন। পরিষেবাকে আরও গতিশীল করতে ১৫০০ জন চালক নিয়োগের কথাও জানিয়েছেন পুলিশমন্ত্রী।
দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অন্য রাজ্যের উদাহরণ তুলে ধরে শুভেন্দু বলেন, “উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট যদি ৬-৭ মিনিটের মধ্যে রেসপন্স করতে পারে, তাহলে আমরা কেন পারব না?” এই লক্ষ্য পূরণে আগামী দিনে কুইক রেসপন্স গড়ে তোলার কথাও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জরুরি পরিস্থিতিতে পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোই হবে প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। আগামী এক বছরের মধ্যে প্রতিটি থানায় চারটি করে গাড়ি এবং চারটি করে মোটরবাইক দেওয়ার পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ, শুধু নতুন পরিষেবা চালু নয়, পুলিশের হাতে পর্যাপ্ত যানবাহন তুলে দিয়ে দ্রুত পদক্ষেপ করার ক্ষমতা বাড়াতেও উদ্যোগী রাজ্য সরকার।
আরও খবর

পুলিশমন্ত্রী জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাস ধরে রাজ্যের পুলিশি ব্যবস্থার বিভিন্ন স্তর খতিয়ে দেখেছেন তিনি। বারাকপুর পুলিশ কমিশনারেট পরিদর্শন, বিভিন্ন কন্ট্রোল রুম ঘুরে দেখা এবং রাজ্যজুড়ে লাইভ ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও তুলে ধরেছেন শুভেন্দু। তাঁর দাবি, আগে ১০০ নম্বরে ফোন করেও অনেক সময় সাড়া মিলত না। সেই পরিস্থিতি বদলাতেই ১১২ পরিষেবা চালুর উদ্যোগ।


