Mohun Bagan Vs Northeast
Mohun Bagan Vs Northeast

হাইল্যান্ডার্সের বিরুদ্ধে সবুজ মেরুন, জমজমাট ম্যাচের আগে প্রস্তুতি তুঙ্গে

Bengal Liberty : দেবীপক্ষের শুভলগ্নে তীব্র টালবাহানার পর অবশেষে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। শুরুর দিন থেকেই প্রতি ম্যাচে লড়াকু ফুটবলের পাশাপাশি দেখা যাচ্ছে গোলের বন্যা। প্রথম চারটি ম্যাচেই দেখা গিয়েছে অসাধারণ ফুটবল। সোমবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে সদ্য আইএফএ শিল্ড জেতা মোহনবাগান সুপার জায়ান্ট।

Mohun Bagan Vs Northeast
Mohun Bagan Vs Northeast

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারানোর পর ইন্ডিয়ান সুপার লিগকে ঘিরেও বাগান সমর্থকদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। জয়ের ধারাকে অব্যাহত রাখাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ মোহনবাগানের সামনে। অন্যদিকে, ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ডের ট্রফি না এলেও নিজেদের ফুটবল খেলার মধ্য দিয়ে বারবার দর্শকদের মন জয় করেছে নর্থইস্ট ইউনাইটেড। অতীতেও মোহনবাগানকে হারিয়ে চমকে দিয়েছে হাইল্যান্ডার্সরা। তাই শেষ পর্যন্ত আইএসএলে কোন দল জয় দিয়ে নিজেদের যাত্রাপথ শুরু করে, সেটাই দেখার।

মুখোমুখি পরিসংখ্যানের ক্ষেত্রেও মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে। দুই দল একে অপরের বিরুদ্ধে ১৫ বার মুখোমুখি হয়েছে। সেখানে ১১ বার জয়ী হয়েছে মেরিনার্সরা, আর ৩ বার জয়ের মুখ দেখেছে নর্থইস্ট ইউনাইটেড। সেই সঙ্গে ডুরান্ড কাপের সেমিফাইনালে দুই দলের লড়াই এখনও চিরস্মরণীয় হয়ে রয়েছে। তাই জমজমাট ম্যাচের আগে সমর্থকদের মধ্যেও তীব্র উন্মাদনা চোখে পড়েছে। নতুন রূপে আত্মপ্রকাশের পর থেকেই ইন্ডিয়ান সুপার লিগে প্রথম দু’দিনে ড্রয়ের প্রবণতা দেখা যায়নি। সব দল যে জেতার জন্যই খেলছে, সেটা একেবারে স্পষ্ট। আজকের ম্যাচেও কি সেই একই ছবি দেখা যাবে? নাকি ড্রয়ের প্রবণতা ফিরে আসবে? জমজমাট ম্যাচের আগে ময়দানজুড়েও চলছে তর্ক-বিতর্ক। এখন দেখার, হাইল্যান্ডার্সদের বিরুদ্ধে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করতে পারে কি না সবুজ-মেরুন শিবির।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।