High Court
High Court

আদালত চত্বরে সিগারেট-পান-গুটকা নিষিদ্ধ! নিরাপত্তা বাড়াতেও বড় প্রস্তাব প্রধান বিচারপতির

Bengal Liberty : আদালত চত্বরে এবার নিষিদ্ধ হতে চলেছে তামাক। এই উদ্যোগের কথা জানিয়েছেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। রাজ্যের সমস্ত আদালত চত্বরে সিগারেট, পান ও গুটখার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হলেন প্রধান বিচারপতি। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক জেলা জজকে চিঠি পাঠানো হয়েছে। শুধু নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বন্ধ করাই নয়, আদালতে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার প্রস্তাবও দিয়েছেন প্রধান বিচারপতি। এই উদ্যোগ কার্যকর করতে বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলির মতামত চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতির প্রস্তাব অনুযায়ী, আদালত চত্বরে সিগারেট, পান ও গুটখার ব্যবহার বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলিকে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানাতে হবে। তবেই আদালতের প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে এই প্রস্তাব ঘিরে আইনজীবীদের একাংশের তরফে বিকল্প ভাবনাও উঠে এসেছে। তাঁদের প্রস্তাব, আদালত চত্বরে নির্দিষ্ট স্মোকিং জোন তৈরি করা যেতে পারে। তাতে আদালতের পরিবেশ বজায় রাখার পাশাপাশি ধূমপায়ীদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থাও করা সম্ভব হবে।

আইনজীবীদের একাংশের মতে, সরকারি ও জনসাধারণের ব্যবহারের নির্দিষ্ট এলাকায় ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ে যে আইন রয়েছে, প্রধান বিচারপতি সেই বিধিনিষেধ কার্যকর করতে চাইছেন। একইসঙ্গে আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করার লক্ষ্যেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যে মামলা নিয়ে শুনানির সময়ে এই আলোচনা হয়েছে, সেটি বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা। ওই ঘটনায় নির্যাতিত আইনজীবীকে ডেকে এখনও জবানবন্দি রেকর্ড করেনি পুলিশ। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন বারুইপুর আদালতের ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে রাজ্যকে

এখন নজর বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলির সিদ্ধান্তের দিকে। তাদের মতামত এবং লিখিত সম্মতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই তাকিয়ে আইনজীবী মহল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।