Jantar Mantar
যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ কর্মসূচি

যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ! বিকল্প তিন জায়গা নির্দিষ্ট করল দিল্লি পুলিশ

সরকারি নির্দেশিকা অনুযায়ী, নাগরিকদের প্রতিবাদ ও বিক্ষোভের অধিকার বজায় রেখেই উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রক একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যন্তর মন্তরে আর বিক্ষোভ বা সমাবেশের আয়োজন করা যাবে না। একই সঙ্গে ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা দিল্লি পুলিশের পূর্ববর্তী নির্দেশিকাও আংশিক সংশোধন করা হয়েছে। ফলে প্রতিবাদ কর্মসূচির জন্য এত দিন পরিচিত যন্তর মন্তরের বদলে নতুন নির্ধারিত স্থানগুলিতে যেতে হবে আন্দোলনকারীদের।

Jantar Mantar
যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ কর্মসূচি

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বিক্ষোভ ও আন্দোলনের জন্য রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে নতুন নির্ধারিত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই তিনটি জায়গায় কীভাবে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা যাবে, তা জানিয়ে বিস্তারিত সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি আলাদাভাবে জারি করা হবে।

অন্য দিকে, যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ইন্ডি জোটের তরফে সেখানে জমায়েতের আহ্বান জানানোর পরই এই পদক্ষেপ সামনে এসেছে। ফলে নতুন নির্দেশিকার জেরে দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।