Bengal Liberty : রাজধানী দিল্লির যন্তর মন্তরে এ বার থেকে আর কোনও সভা-সমাবেশ বা বিক্ষোভ করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে প্রতিবাদ কর্মসূচির নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করেছে দিল্লি পুলিশ। এর বদলে বিক্ষোভ ও আন্দোলনের জন্য তিনটি বিকল্প জায়গা নির্দিষ্ট করা হয়েছে। সেগুলি হল রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। দিল্লি পুলিশের কমিশনার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
যন্তর মন্তরে নিষেধাজ্ঞা
সরকারি নির্দেশিকা অনুযায়ী, নাগরিকদের প্রতিবাদ ও বিক্ষোভের অধিকার বজায় রেখেই উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রক একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যন্তর মন্তরে আর বিক্ষোভ বা সমাবেশের আয়োজন করা যাবে না। একই সঙ্গে ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা দিল্লি পুলিশের পূর্ববর্তী নির্দেশিকাও আংশিক সংশোধন করা হয়েছে। ফলে প্রতিবাদ কর্মসূচির জন্য এত দিন পরিচিত যন্তর মন্তরের বদলে নতুন নির্ধারিত স্থানগুলিতে যেতে হবে আন্দোলনকারীদের।

বিক্ষোভের জন্য নতুন তিন জায়গা
সরকারি নির্দেশিকা অনুযায়ী, বিক্ষোভ ও আন্দোলনের জন্য রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে নতুন নির্ধারিত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই তিনটি জায়গায় কীভাবে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা যাবে, তা জানিয়ে বিস্তারিত সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি আলাদাভাবে জারি করা হবে।
আরও খবর
অন্য দিকে, যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ইন্ডি জোটের তরফে সেখানে জমায়েতের আহ্বান জানানোর পরই এই পদক্ষেপ সামনে এসেছে। ফলে নতুন নির্দেশিকার জেরে দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।


