সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হল না, পুজোর মুখে হতাশ রাজ্য সরকারি কর্মীরা

২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূল সরকারকে।

তবে বকেয়া ডিএ-র পরবর্তী কিস্তি এবং অর্থের হিসাব নিয়ে একাধিক জটিলতা এখনও রয়েছে। সেই কারণেই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ দিন শুনানি না হওয়ায় বিষয়টি নিয়ে সরকারি কর্মীদের অপেক্ষা আরও বাড়ল।

উল্লেখ্য, ডিএ মামলায় এর আগে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। রাজ্যের দাবি, বকেয়া ডিএ-র ১০০ শতাংশ নয়, ৮৫ শতাংশ মেটাতে চায় তারা। বাকি ১৫ শতাংশ মকুবের আবেদন জানিয়েছে সরকার। রাজ্যের উপর বিপুল আর্থিক চাপ এবং হিসাবের জটিলতার কথা তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে।

এ দিকে, দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের রায়ের পর বকেয়া টাকা পাওয়ার আশা তৈরি হলেও, কিস্তি ও হিসাবের জটিলতা সেই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। ফলে পুজোর মুখে হতাশা তৈরি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।

এই মামলার পরবর্তী শুনানি ২৭ অক্টোবর হওয়ার কথা। নিজেদের হকের টাকা কবে হাতে পাবেন তাঁরা? আপাতত আদালতের পরবর্তী শুনানি এবং নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।

Bengal Liberty