Bengal Liberty : ভারতের ভোটার তালিকা সংশোধন বা SIR-কে ঘিরে বিতর্ক এ বার দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছতে চলেছে আন্তর্জাতিক মঞ্চে। ‘ভোট চুরি’ এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে লন্ডনে বিক্ষোভের ডাক দিয়েছেন জার্মানিতে বসবাসকারী ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার, ১৭ অক্টোবর, স্থানীয় সময় দুপুর ১২টায় লন্ডনের পার্লামেন্ট স্কোয়্যারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে জমায়েত হওয়ার কথা। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লন্ডনে পৌঁছনোর কথা জানান তিনি। তাঁর দাবি, ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ এ বার আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার সময় এসেছে।
লন্ডনে কেন বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির?
শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ধ্রুব রাঠি। সেখানে তিনি লেখেন, ‘ভোট চোর এবং গণতন্ত্রের হত্যাকারীদের বাস্তব চেহারা এ বার বিশ্বের সামনে তুলে ধরার সময় এসেছে।’ একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যু তুলে ধরার বার্তাও দেন তিনি। তাঁর কথায়, ‘ইন্টারন্যাশনাল ডঙ্কা বাজানোর সময় এসেছে।’ ধ্রুবের এই কর্মসূচির মূল লক্ষ্য ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগকে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে আসা। ভোটার তালিকা সংশোধন এবং ‘ভোট চুরি’র অভিযোগে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তবে লন্ডনের কর্মসূচিতে কত জন যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়।
SIR নিয়ে বিরোধীদের অভিযোগ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দল ও একাধিক নাগরিক সংগঠন। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এতে প্রকৃত ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। যদিও পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে দিল্লির প্রতিবাদের পর এ বার লন্ডনে বিক্ষোভের ডাক দিয়েছেন ধ্রুব রাঠি। তাঁর উদ্যোগে ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক আন্তর্জাতিক স্তরে আরও ছড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। শনিবারের বিক্ষোভে কত জন অংশ নেবেন, কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, সে দিকেই এখন নজর রয়েছে।


