Samik Bhattacharya
Samik Bhattacharya

সন্দীপ ঘোষের জামিনে বিতর্ক, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন! কী বললেন শমিক ভট্টাচার্য?

বৃহস্পতিবার আর্থিক অনিয়মের মামলায় সন্দীপ ঘোষকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। হাসপাতালের আর্থিক দুর্নীতি এবং অযোগ্য প্রার্থীদের সুবিধা পাইয়ে দিতে মেধা তালিকায় কারচুপির অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছিল। এই জামিনকে কেন্দ্র করেই সিবিআইয়ের তদন্ত এবং মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশের অভিযোগ, এই ঘটনায় বিজেপিকে রাজনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, “আবেগ দিয়ে আইন চলে না এবং জামিন পাওয়া একজন ব্যক্তির আইনি অধিকার।” তাঁর কথায়, যাঁরা ‘অভয়া’ আন্দোলনের সঙ্গে যুক্ত, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে তাঁরা হতাশ হতে পারেন। কিন্তু আইনি প্রক্রিয়া আবেগের বশে পরিচালিত হতে পারে না।

শমিক আরও বলেন, সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন বলেই তাঁকে নির্দোষ বলা যায় না। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে কোনও যোগসূত্র নেই, এমন সিদ্ধান্তেও পৌঁছনো যায় না। জামিন দেওয়ার ক্ষেত্রে কিছু আইনি ও প্রযুক্তিগত বিষয় কাজ করে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলনের আবহেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। এবার তাঁর জামিনের সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।