Chorbagan Incident
Chorbagan Incident

চোরবাগান বিপর্যয়ে এসি নিয়েও গাফিলতি! ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা পুজো মণ্ডপের ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তদন্তে উঠে এসেছে, সেখানে মোট ২৪টি এসি বসানো হয়েছিল। সব ক’টি এসির সম্মিলিত ক্ষমতা ছিল ১৩৪ টন। তবে মণ্ডপের আয়তন এবং দর্শনার্থীর সম্ভাব্য সংখ্যা বিবেচনা করলে এই ব্যবস্থা যথেষ্ট ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, সপ্তমী ও অষ্টমীতে মণ্ডপে বিপুল ভিড় হয়েছিল। ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ ভিতরে প্রবেশ করেছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে মণ্ডপের ভিতরে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। মানুষের শারীরিক তাপের কারণে এসির উপরেও অতিরিক্ত চাপ পড়ে। সেই পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ।

ফরেনসিক রিপোর্টে মণ্ডপের বায়ুচলাচল এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, পুজোর দিনগুলিতে কত মানুষের সমাগম হতে পারে, তার যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন ছিল। সেই অনুযায়ী এসির ক্ষমতা, বায়ুচলাচল এবং দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণের পরিকল্পনা করা উচিত ছিল। কিন্তু পর্যাপ্ত ভেন্টিলেশন ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় আয়োজকদের পরিকল্পনায় ঘাটতির অভিযোগ জোরালো হয়েছে। শুধু এসি বসালেই মণ্ডপের ভিতরের পরিবেশ নিরাপদ রাখা সম্ভব নয়। বিপুল জনসমাগমের ক্ষেত্রে পর্যাপ্ত বাতাস চলাচল এবং মানুষের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সুষ্ঠু ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রশাসন ও বিশেষজ্ঞদের একাংশের মতে, বড় বাজেটের পুজো মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।