Harry Kane
Harry Kane

২৫ বছরের অপেক্ষার অবসান! ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন, ইংরেজ ফুটবলে ফিরল সেরার মুকুট!

Bengal Liberty : ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। সোমবার, ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত ৭০তম ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর উঠল বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকারের হাতে। দীর্ঘ ২৫ বছর পর ফের কোনও ইংরেজ ফুটবলারের হাতে উঠল এই সম্মান।

২৫ বছর পর ইংরেজ ফুটবলে নতুন ইতিহাস

এর আগে ২০০১ সালে মাইকেল ওয়েন শেষবারের মতো ইংরেজ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন হ্যারি কেন। তিনি এই পুরস্কার জয়ী পঞ্চম ইংরেজ ফুটবলার। এর আগে স্যার স্ট্যানলি ম্যাথিউজ, ববি চার্লটন, কেভিন কিগান এবং মাইকেল ওয়েন এই সম্মান অর্জন করেছিলেন।

২০২৫-২৬ মরশুমে ক্লাব ও দেশের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন হ্যারি কেন। সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৭৩টি গোল করেন তিনি। যার মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১টি এবং ইংল্যান্ডের হয়ে ১২টি গোল করেন এই তারকা স্ট্রাইকার। বুন্দেশলিগায় টানা তৃতীয় মরশুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বায়ার্নের ঘরোয়া সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

Harry Kane
Harry Kane

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে একাধিক তারকা ফুটবলারকে পিছনে ফেলেছেন কেন। দ্বিতীয় স্থানে শেষ করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। অন্যদিকে, সেরা গোলদাতার পুরস্কারও জিতেছেন হ্যারি কেন।

সব মিলিয়ে কেরিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়ে প্রবেশ করলেন হ্যারি কেন। দীর্ঘদিনের ব্যক্তিগত স্বীকৃতির অপেক্ষা মিটিয়ে এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মানের মঞ্চে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন ইংল্যান্ডের এই তারকা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।