Bengal Liberty : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের মঞ্চে বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। সোমবার আজারবাইজানের বাকুতে গ্রুপ পর্বের নিজেদের পঞ্চম তথা শেষ ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছিল ভারত। তবে ম্যাচে কার্যত দাপট দেখিয়ে ভারতকে ৬-১ গোলে পরাজিত করল সেনেগাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতীয় রক্ষণভাগকে কার্যত ছিন্নভিন্ন করে দেয় আফ্রিকার এই দল।
ম্যাচের শুরুতে দুই দলের মধ্যে লড়াই থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সেনেগাল। ম্যাচের ৯ মিনিটে আবদুলায়ে দিয়ালো গোল করে সেনেগালকে ১-০ গোলে এগিয়ে দেন। এরপর ১১ মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের ১৪ মিনিটে জর্জেস কানফোমের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।
এরপর ১৮ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আবদুলায়ে দিয়ালো। ম্যাচের ২৩ মিনিটে পিয়ের এমবেঙ্গের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। এখানেই থেমে থাকেনি সেনেগাল। ম্যাচের ৩১ মিনিটে নিজের চতুর্থ গোল করে ভারতের কফিনে কার্যত শেষ পেরেকটি পুঁতে দেন দিয়ালো।
আরও খবর
তবে একের পর এক গোল হজম করলেও ম্যাচে লড়াই ছাড়েনি ভারতীয় দল। ম্যাচের ৩৩ মিনিটে দীপক সিং আরামবামের নিচু ক্রস থেকে গোল করে ব্যবধান কমান রোনানদেব আহেইবাম। ফলে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধের লড়াই শেষ করে সেনেগাল। পরবর্তীতে আর কোনও গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় সেনেগাল।
এই পরাজয়ের ফলে গ্রুপ কে-তে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল ভারত। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ক্যামেরুন এবং সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেনেগাল। গ্রুপ পর্বের এই ফলাফলের পর টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে টিয়ার সি-তে খেলবে ভারত। সেখানে ৬৫তম থেকে ৯৬তম স্থান নির্ধারণের লড়াইয়ে নামবে ব্লু কোল্টসরা। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ের লড়াই। তবে হার হলেও ভারতের লড়াই কে কুর্নিশ ক্রিয়া মহল থেকে ভবিষ্যত উড়তি তারকারা হারিয়ে না যায় সেটাই দেখার।


