Bengal Liberty : : চার রাজ্যের বিধান পরিষদ বা এমএলসি নির্বাচনে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র ও কর্নাটকে মোট ২৮টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে কংগ্রেস একটিও আসন জিততে পারেনি। বিশেষ করে কর্নাটকে ক্ষমতায় থাকা কংগ্রেসের কোনও আসন না পাওয়া রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রাথমিক রিপোর্টে এমনটাই উঠে এসেছে। বিজেপি তিনটি এবং জনতা দল (সেকুলার) একটি আসন জিতেছে। । এর মধ্যে একটি আসন আগে কংগ্রেসের এক সদস্যের (এমএলসি) দখলে ছিল। এই ফলাফল ডি কে শিবকুমারের নেতৃত্বাধীন সরকারের সাংগঠনিক শক্তি এবং বিধানসভায় ক্ষমতায় থাকা সত্ত্বেও স্নাতক ও শিক্ষকদের মধ্যে সমর্থন অর্জনের সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
কর্নাটকের চারটি আসনেই জয় পেয়েছে বিজেপি ও জেডি (এস) জোট। বিজেপি পেয়েছে তিনটি আসন, জেডি (এস) বেঙ্গালুরু শিক্ষক কেন্দ্রটি দখল করেছে। ওই কেন্দ্রে জেডি (এস)-এর এ পি রঙ্গনাথ ১০,৮১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কংগ্রেসের বিদায়ী এমএলসি পুত্তান্নাকে ৯০৮ ভোটে পরাজিত করেছেন।
উত্তরপ্রদেশের ১১টি আসনের মধ্যে কংগ্রেস খাতাই খুলতে পারেনি। বিজেপি মিরাট, বেরেলি-মোরাদাবাদ ও লখনউতে তাদের আসন ধরে রেখেছে। অন্যদিকে সমাজবাদী পার্টি বারাণসী শিক্ষক নির্বাচনী এলাকা এবং আগ্রা শিক্ষক আসনে জয়ী হয়েছে।
মহারাষ্ট্রের পাঁচটি আসনের চূড়ান্ত ফলাফলের জন্যও অপেক্ষা চলছে, কারণ সেখানে ভোট গণনা অব্যাহত রয়েছে।
আরও খবর
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিহারে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) পাটনা শিক্ষক নির্বাচনী এলাকায় জয়ী হয়েছে। বিজেপি তিরহুত শিক্ষক আসনটি জিতেছে, প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি (জেএসপি) দ্বারভাঙায় তাদের প্রথম বিধান পরিষদ (লেজিসলেটিভ কাউন্সিল) জয় নিশ্চিত করেছে। স্বতন্ত্র প্রার্থী রাহুল রাজ সারণ শিক্ষক নির্বাচনী এলাকায় জয়লাভ করেছে।
B


