Daily Allowance
Daily Allowance

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! ৩ শতাংশ বাড়ল ডিএ

Bengal Liberty : উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহার। ৩ শতাংশ হারে বাড়ল মহার্ঘ ভাতা (ডিএ)। এত দিন ৬০ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার তা বেড়ে হল ৬৩ শতাংশ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী।

অক্টোবর মাস শেষ হতে চললেও ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় উদ্বেগে ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত ২১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যাওয়ায় সংশয়ে পড়েছিলেন তাঁরা। অবশেষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে।

প্রতি বছর দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতার হার নির্ধারণ করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ৩ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে সেই হার বেড়ে ৬৩ শতাংশ হবে। এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরাও।

উল্লেখ্য, বর্তমানে ১৮ হাজার টাকা সর্বনিম্ন মূল বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে মাসে ১০ হাজার ৮০০ টাকা ডিএ পান। ডিএ-র হার ৬৩ শতাংশ হলে সেই অঙ্ক বেড়ে হবে ১১ হাজার ৩৪০ টাকা। অর্থাৎ, মাসে অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন তাঁরা। একই ভাবে, ২৫ হাজার টাকা মূল বেতন পাওয়া কর্মচারীদের মাসিক ডিএ বাড়বে ৭৫০ টাকা।

ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ (ডিআর)-এর ক্ষেত্রেও সুবিধা মিলবে। তবে বর্ধিত হার কবে থেকে কার্যকর হবে এবং কর্মচারীরা কত টাকা বকেয়া পাবেন, তা এখনও স্পষ্ট নয়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।