Bengal Liberty : পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তা তালিকায় লাখ লাখ মানুষের কোনও হদিশ নেই! এক কথায় রাজ্যের এমন প্রায় ২০ লক্ষ মানুষ নিরুদ্দেশ! আশ্চর্যের বিষয় হল, তাঁদের ঠিকানায় গিয়ে খোঁজ পাচ্ছেন না সরকারি আধিকারিকরা। বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে গিয়ে এমনই তথ্য উঠে এল রাজ্যের কাছে। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে।
নবান্ন সূত্রে খবর, বিগত সরকারের আমলে ওই সব লোকেরা সরকারি সুবিধা পেতেন। কিন্তু বর্তমানে তাঁদের আর পাওয়া যাচ্ছে না। যোগাযোগের ঠিকানায় গিয়ে দেখা যায় তাঁরা সেখানে নেই। কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দিতে গিয়ে উপভোক্তাদের কোনো হদিশ বা বৈধতা না পাওয়ার বিষয়টি বিষয়টি প্রথম নজরে আসে নবান্নের। অনেকে মনে করছেন, বিধানসভা ভোটের আগে বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল। তাতে নাম বাদ পড়া অনেক মানুষ এলাকা ছেড়ে চলে যান। হতে পারে সেই কারণেই হয়তো তাঁদের হদিশ মিলছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সত্যিই কি তারা সরকারি প্রকল্প পাওয়ার যোগ্য ছিলেন? আর যদি যোগ্য হয়ে থাকে তবে উপভোক্তাদের নিজের কোনও ভ্রুক্ষেপ নেই কেন? ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।


