Suvendu Adhikari
রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে এইমস, দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে প্রস্তাব পাঠাবে রাজ্য

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কর্ণজোড়ার তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখান থেকেই উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে, রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব পাঠাবে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপগুলি সম্পন্ন হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমিপুজোর অনুষ্ঠানে যাবেন তিনি। শুধু নতুন হাসপাতাল তৈরিই নয়, রায়গঞ্জের বর্তমান হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “রায়গঞ্জে হাসপাতালগুলির চেহারা বদলে দেব।” স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করা এবং চিকিৎসার সুযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

উত্তরবঙ্গে ক্যানসার চিকিৎসার পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। রায়গঞ্জের কর্মসূচি থেকে তিনি জানান, জলপাইগুড়িতে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। পাশাপাশি, শিলিগুড়িতেও পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। শিলিগুড়ি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “শিলিগুড়িকেও নিরাশ করব না। ওখানে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি হবে। ঢেলে সাজাব।” প্রশাসনিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোট ৩০টি কর্মসূচি নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য ক্ষেত্রের উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, উত্তরবঙ্গের মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া দীর্ঘদিনের দাবি। রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা এবং রায়গঞ্জের হাসপাতালগুলির পরিকাঠামো বদলের ঘোষণা সেই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।