Mamata Banerjee - Rahul Gandhi
Mamata Banerjee - Rahul Gandhi

ভোটচুরির অভিযোগে দিল্লিতে কংগ্রেসের মেগা সভা, মমতা-অভিষেকের যোগদান ঘিরে জল্পনা

Bengal Liberty : ভোটচুরির অভিযোগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের শক্তি প্রদর্শন। আগামী ১ নভেম্বর কংগ্রেসের ডাকা মেগা জনসভায় বক্তাদের তালিকায় থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে শনিবার দুপুরের বিমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হতে পারেন তিনি। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আমন্ত্রণে মমতার এই দিল্লি সফর ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

কালীঘাট সূত্রে খবর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস-সহ দেশের বিভিন্ন বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। কংগ্রেসের তরফে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি সভায় যোগ দিতে পারেন।

এর আগে শুক্রবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা ‘মক পার্লামেন্ট’-এ যোগ দেওয়ার জন্যও তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তৃণমূলের সাংসদদের একটি প্রতিনিধি দল যোগ দেবে। ওই দলে থাকার কথা সৌগত রায়, নাদিমুল হক, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদের।

অন্যদিকে, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক-সংক্রান্ত বিষয়ে তৃণমূল কংগ্রেসের একটি পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সংশ্লিষ্ট প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হলেও বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়ে কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক চিঠি বা ইমেল আসেনি বলে তৃণমূল সূত্রে খবর। বৈঠক বহাল থাকলে তৃণমূলের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং আইনজীবীরা থাকতে পারেন।

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের তরফেও বৈঠক বাতিলের কোনও বিজ্ঞপ্তি পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ফলে ওই শিবিরের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিতে গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অবৈধ জমায়েতের অভিযোগে তাঁকে দিল্লি পুলিশ আটক করেছিল। এবার ১ নভেম্বরের মেগা জনসভায় তাঁর উপস্থিতি নিশ্চিত হলে বিরোধী ঐক্যের সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।