Indranil Sen
Indranil Sen

১৩ দিনের পুলিশি হেফাজত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Bengal Liberty : পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রনীল সেনের
পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাংকশাল আদালত। ২৮শে অক্টোবর, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রনীল। এরপর সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর পরপরই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো ও বিশেষ প্রবেশপত্র (ভিআইপি পাস) বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও প্রতারণার অভিযোগ ওঠে। আর এই অভিযোগেই তাঁর বিরুদ্ধে বউবাজার থানায় মামলা দায়ের হয়েছিল। এই ঘটনার সঙ্গে যুক্ত ‘মাস আর্ট সোসাইটি’-র সঙ্গে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

অভিযোগ, বিভিন্ন পুজোর বিশেষ পাস অসাধু উপায়ে সংগ্রহ করে চড়া দামে বিক্রি করতেন তিনি । এর মাধ্যমে বহু পুজোপ্রেমী ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কলকাতা হাই কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর পুলিশ তাঁকে হেফাজতে নিতে তৎপর ছিল। শেষমেশ গ্রেফতারের পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়। বিচারক ১০ই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত মঞ্জুর করেন।


যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রনীল সেন। এদিকে সরকারি পক্ষের আইনজীবির মন্তব্য, এই অভিযুক্ত আগে মন্ত্রী ছিলেন। সমস্ত টেন্ডার ওনার সময়কালে হয়েছে। কাজেই এখন যদি উনি বলেন আমি কিছু জানি না, এটা বললে চলে না। এই মামলার তদন্তে এর আগেও একাধিক বার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর একাধিক ঠিকানায় তল্লাশিও চালানো হয়েছিল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।