Mamata Banerjee
Mamata Banerjee

আইপ্যাক মামলায় রায় স্থগিত সুপ্রিম কোর্টে, মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি ইডির

Bengal Liberty : আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার এই মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছে বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেও এই মামলায় রাজ্য পুলিশের তদন্তের উপর আস্থা রাখতে রাজি নয় ইডি।

ক্ষমতার পালাবদলের পরেও রাজ্য পুলিশের তদন্তে আপত্তি ইডির

গত অগস্টে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ জানতে চেয়েছিল, তদন্তকারী সংস্থা বেছে নেওয়ার বিষয়টি রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া যায় কি না। কিন্তু তাতে আপত্তি জানায় ইডি। সংস্থার আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু স্পষ্ট জানিয়েছিলেন, রাজ্যে সরকার বদলালেও রাজ্য পুলিশের উপর তাঁদের আস্থা নেই।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে বলেছিলেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার চাইলে তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে। রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করানোর ক্ষেত্রেও আপত্তি থাকার কথা নয়। তাই এই মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে সওয়াল করেছিলেন তিনি।

কী ঘটেছিল ৮ জানুয়ারি?

গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার ও আর্থিক তছরুপের মামলার তদন্তে কলকাতার দু’টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তল্লাশির খবর পেয়ে সেখানে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তিনি সেখান থেকে একাধিক নথি নিয়ে যান।

এই ঘটনাকে কেন্দ্র করে ইডি এবং তৃণমূল কংগ্রেস পৃথকভাবে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। ইডির অভিযোগ ছিল, সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রী তদন্তের নথি নিয়ে গিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের দাবি ছিল, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযান চালানো হয়েছিল। দলের সংবেদনশীল নথি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত তথ্য নিয়ে যাওয়ার অভিযোগও তোলে তারা। যদিও ইডি জানিয়েছিল, তল্লাশির সময় তারা কোনও নথি বাজেয়াপ্ত করেনি।

ঘটনার দিনই হাই কোর্টে আবেদন জানায় ইডি। কিন্তু ৯ জানুয়ারি বিচারপতি শুভ্রা ঘোষ সেই আবেদনের শুনানি আগামী ১৪ জুলাই পর্যন্ত মুলতুবি করে দেন। এরপরই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বৃহস্পতিবার শীর্ষ আদালতে শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।