Bengal Liberty : মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে নাগপুরের মতো বিজেপির শক্ত ঘাঁটিতে খাতা খুলল কংগ্রেস। মহারাষ্ট্রে কংগ্রেস একটিও আসনে জিততে পারেনি বলে যেখানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন সেখানে তাঁকে তাঁর সেই টুইট মুছে ফেলতে হল। চার রাজ্যে ২৮টি আসনে বিধান পরিষদের ফলাফল নিয়ে কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষের সুর শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। তার জবার দিয়েছিলেন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেসের উদ্দেশ্যে। তবে গণনার ৪০ ঘণ্টা পর দেখা গেল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ওয়ানজারি নাগপুর গ্র্যাজুয়েট কেন্দ্র থেকে জিতেছেন। তিনি বিজেপি প্রার্থী সুধাকর কোহালিকে পরাজিত করেছেন ৩,২৭১টি ভোটে।
এরপরই আগের করা টুইট মুছে দেন ফড়নবীশ। আর তাতেই পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। ফড়নবীশকে নিশানা এক্স হ্যান্ডেলে টুইট করে কংগ্রেসের দাবি, ফলাফল পুরোপুরি প্রকাশের আগেই বড় তির ছুড়েছিলেন ফড়নবীশ। কিন্তু দেখা গেল তির তাঁর দিকেই ফিরে এসেছে ও একেবারে বুকে এসে বিঁধেছে। শেষে তাঁকে টুইট মুছতে হয়েছে।’ একই সঙ্গে কংগ্রেসের দাবি, ফড়নবীশ ইতিমধ্যে ভয় পেয়েছে। এটা তো সবে শুরু। ২০২৯ এ মহারাষ্ট্রের মানুষ রাজনৈতিকভাবে ওকে জবাব দেবে। তাই পরবর্তী ধাক্কার জন্য তৈরি থাকুন ফড়নবীশ। নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কার্যালয় আর সেখানে কংগ্রেসের উত্থান বিজেপিকে যে চিন্তায় রাখবে তা বলার অপেক্ষা রাখে না।


