Mohammad Ali Jauhar University
Mohammad Ali Jauhar University

আজম খানের ১,১৭০ কোটি টাকার জওহর বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বাজেয়াপ্ত

Bengal Liberty : উত্তর প্রদেশের রামপুরে অবস্থিত মাওলানা মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের জমি ও ভবন বাজেয়াপ্ত করেছে ইডি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১,১৭০ কোটি টাকা। মাওলানা মোহাম্মদ আলী জওহর ট্রাস্ট, উত্তর প্রদেশের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মোহাম্মদ আজম খান এবং অন্যান্যদের জড়িত অর্থ পাচার মামলার পরিপ্রেক্ষিতে ইডির এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।


মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়টির জমি ও ভবনগুলোর মালিক মাওলানা মোহাম্মদ আলী জওহর ট্রাস্ট। ইডি-এর মতে, ট্রাস্টটি প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ আজম খান, যিনি একাধারে বিশ্ববিদ্যালয়টির সাম্মানিক আচার্যও। রামপুরের আজিমনগর থানায় দায়ের করা ২৬টি এফআইআর-এর ভিত্তিতে ইডি পিএমএলএ-এর অধীনে একটি তদন্ত শুরু করেছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, বিশ্ববিদ্যালয়টির নির্মাণ ও উন্নয়নের জন্য ব্যবহৃত তহবিলের একটি অংশের কোনো বৈধ উৎস নেই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষকদের কৃষি জমি জোরপূর্বক অধিগ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ।

তদন্তে ইডি আরও জানতে পারে যে, সরকারি কাজের জন্য বরাদ্দকৃত তহবিল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ ও উন্নয়নে সরিয়ে নেওয়া হয়েছিল। তদন্তকারী সংস্থার মতে, সরকারি চুক্তি পাওয়া ঠিকাদারদের মাধ্যমে ট্রাস্টেও তহবিল পাঠানো হয়েছিল। অভিযোগ, সরকারি চুক্তি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ পরে ট্রাস্টকে দান করা হয়েছিল। ইডি-র মতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট আনুমানিক ব্যয় ছিল ৪৯৯.০৯ কোটি টাকা, যার মধ্যে বৈধ উৎস থেকে মাত্র ৭২.৬৩ কোটি টাকার হিসাব পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই, ৪২৬.৪৬ কোটি টাকার উৎস অস্পষ্ট থেকে যায়। ইডি-র মতে, ট্রাস্টের কর্মকর্তারা এই অর্থের বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে পারেননি। এর ভিত্তিতে, পিএমএলএ-র অধীনে বিশ্ববিদ্যালয়ের জমি ও ভবনসহ ৪২৬.৪৬ কোটি টাকার সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।