Festival Guidelines
কালীপুজো থেকে ছট, বাজি ফাটানোয় একাধিক নির্দেশিকা! নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ

কালীপুজো থেকে ছট, বাজি ফাটানোয় একাধিক নির্দেশিকা! নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ

Bengal Liberty : আসন্ন উৎসবের মরশুমে বাজি ফাটানো থেকে শুরু করে বাজির দোকান খোলা—একাধিক বিষয়ে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং দমকলের ডিজি অনুজ শর্মা। ওই বৈঠক থেকেই উৎসবের দিনগুলিতে বাজি ফাটানো ও বিক্রি সংক্রান্ত একাধিক নির্দেশিকার কথা জানানো হয়।

স্বরাষ্ট্রসচিবের আবেদন, সাধারণ মানুষ যেন শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহার করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং অন্যান্য বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে বাজি ফাটানো হলে তা নিয়মভঙ্গ হিসেবে বিবেচিত হবে। শব্দবাজির দাপট রুখতে নির্দিষ্ট শব্দসীমা মেনে চলার উপরেও জোর দেওয়া হয়েছে। নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

বাজির দোকান কোথায় বসবে, তা নিয়েও সতর্ক প্রশাসন। লোকালয়ের মধ্যে বা ঘনবসতিপূর্ণ এলাকায় বাজির স্টল না বসিয়ে ফাঁকা জায়গায় দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, নার্সিংহোম এবং বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানো নিষিদ্ধ বলে জানানো হয়েছে। এই এলাকাগুলিকে নীরব এলাকা বা সাইলেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্কুল-কলেজের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের আশপাশে বাজির দোকান বসানোর ক্ষেত্রেও বিধিনিষেধের কথা জানিয়েছে রাজ্য।

দীপাবলির রাতে অনেকেই ফানুস ওড়ান। সেই বিষয়েও সতর্ক করেছে প্রশাসন। ফানুস বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকলেও ফানুস ওড়ানোর জন্য দমকল বিভাগের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। উৎসবের আনন্দে যাতে অগ্নিকাণ্ড বা অন্য কোনও দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

এর আগে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজো ও রাস উৎসব ঘিরে শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন এলাকায় এই উৎসবগুলিকে কেন্দ্র করে মানুষের সমাগম হয়। সেই পরিস্থিতিতে উৎসব পালন করতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি।

প্রতি বছরই উৎসবের মরশুমে বাজি ফাটানোর ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হলেও তা অমান্য করার অভিযোগ ওঠে। এবার নিয়ম কার্যকর করতে কড়া নজরদারির বার্তা দিয়েছে প্রশাসন। কোথাও নিষিদ্ধ বাজি ফাটানো, অতিরিক্ত শব্দ বা অন্য কোনও নিয়মভঙ্গের ঘটনা চোখে পড়লে সাধারণ মানুষকে পুলিশকে জানানোর আবেদনও করা হয়েছে। উৎসবের আনন্দ বজায় রেখেই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।