Bengal Liberty : শীতের হালকা আমেজ পড়তে না পড়তেই ফের বৃষ্টির দাপট বাংলায়। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে তৈরি হওয়া দুর্যোগ কাটতে না কাটতেই বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই শক্তি হারাতে শুরু করেছে। তবে এর প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা-সহ বিভিন্ন জেলায় আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির আশঙ্কা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে ক্রমশ দুর্বল হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও তার প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা পুরোপুরি কাটেনি।


