Kylian Mbapee
Kylian Mbapee

মাওকে ‘স্বৈরশাসক’ বলার বিতর্কে বিপাকে রিয়াল তারকা, হাজার কোটির লোকসানের আশঙ্কা

Bengal Liberty : ফুটবল মাঠে তাঁর দাপট নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এবার মাঠের বাইরের এক মন্তব্য ঘিরেই তীব্র বিতর্কে জড়ালেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে।চিনের প্রাক্তন নেতা মাও জে দংকে নিয়ে একটি মিম সংক্রান্ত মন্তব্যের জেরে বেজিংয়ের রোষের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, একাধিক চিনা সংস্থা এমবাপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। পাশাপাশি স্পেনের ফুটবল লিগ লা লিগার সম্প্রচারও বন্ধ করেছে চিনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। সেখানে নিজের পছন্দের মিম সম্পর্কে বলতে গিয়ে এমবাপে জানান, তাঁর মুখ বসানো একটি ছবি তাঁর বেশ মজার লেগেছিল। সেই ছবিতে তাঁকে চিনের এক স্বৈরশাসকের মতো দেখানো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। ছবিটিতে চিনের প্রাক্তন নেতা মাও জে দংয়ের শরীরে এমবাপের মুখ বসানো হয়েছিল বলে জানা যায়।

এরপরই শুরু হয় বিতর্ক। চিনে মাও জে দংয়ের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বের কারণে তাঁকে নিয়ে এ ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্যকে ভালোভাবে নেয়নি একাংশ। যদিও এমবাপের মন্তব্যটি সরাসরি মাওয়ের নাম করে করা হয়েছিল কি না, তা নিয়েও রয়েছে কিছুটা অস্পষ্টতা।

এই বিতর্কের জেরে চিনের একাধিক বড় সংস্থা এমবাপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। পানীয় প্রস্তুতকারক সংস্থা ডংপেং, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক মেংনিউ এবং চিজ প্রস্তুতকারক মিল্কগ্রাউন্ড এমবাপের সঙ্গে তাদের অংশীদারিত্ব শেষ করার কথা জানিয়েছে।

অন্যদিকে, চিনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা চায়না মিডিয়া গ্রুপ স্প্যানিশ লিগের ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে। এমবাপেকে কেন্দ্র করে বিজ্ঞাপনও সরিয়ে দেওয়া হয়েছে। ফলে চিনের বিশাল বাজারে বাণিজ্যিকভাবে বড় ধাক্কার মুখে পড়েছেন ফরাসি তারকা।

সব মিলিয়ে, ফুটবল দুনিয়ার অন্যতম বড় তারকা এমবাপের কাছে এই বিতর্ক নিঃসন্দেহে বড় ধাক্কা। একটি মিমকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক কীভাবে আন্তর্জাতিক বাণিজ্য, সম্প্রচার এবং তারকাদের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, ফের একবার সামনে এল সেই ছবিই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।