Bengal Liberty : ভারত ও চিনের মতো দুই বৃহৎ প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য ও সমস্যা থাকাটা স্বাভাবিক। তবে সেই সমস্ত সমস্যাকে চিহ্নিত করে তার সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন। ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত NDTV World Summit 2026-এ বক্তব্য রাখতে গিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
সমস্যা থাকলেও সম্পর্ক স্বাভাবিক রাখার বার্তা
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “বড় দেশ, বড় প্রতিবেশীদের মধ্যে সমস্যা থাকবেই। আমাদের সেই বিষয়গুলি স্বীকার করতে হবে এবং সেগুলির মোকাবিলা করতে হবে।” তাঁর কথায়, ভারত ও চিন উভয় দেশই নিজেদের জাতীয় স্বার্থে একটি কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ এই নয় যে দুই দেশের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে।
সীমান্ত সমস্যাই সম্পর্কের অন্যতম বড় চ্যালেঞ্জ
ভারত-চিন সীমান্ত বিরোধ প্রসঙ্গে জয়শঙ্কর স্পষ্ট করে দেন, সীমান্ত সমস্যার চূড়ান্ত সমাধান হতে গেলে গোটা সীমান্তের বিষয়টিকেই বিবেচনায় রাখতে হবে। যদিও নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে আলোচনা শুরু করেও অগ্রগতির পথ তৈরি করা সম্ভব বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হওয়ার প্রভাব পড়ে দুই দেশের বাণিজ্যিক, রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের উপরেও।
আরও খবর
বিদেশমন্ত্রীর মতে, সীমান্তে শান্তি বজায় রাখা এবং পারস্পরিক মতপার্থক্যগুলিকে সঠিকভাবে মোকাবিলা করার মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিকতার দিকে এগোতে পারে। তবে এই প্রক্রিয়ায় সময় লাগবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামীদিনে কোন দিকে মোড় নেবে দুই দেশের সম্পর্ক? আবারও কী শুরু হবে টানাপোড়েন? এই নিয়েই তুঙ্গে তরজা।


