Weather Alert
Weather Alert

ফের বৃষ্টির পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি

Bengal Liberty : এক দুর্যোগের রেশ কাটতে না কাটতেই ফের বৃষ্টির পূর্বাভাস। দেশের একাধিক এলাকায় তৈরি হওয়া নিম্নচাপের জেরে আবহাওয়ার পরিস্থিতিতে নতুন করে পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ফলে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।