Bengal Liberty : কলকাতা ও শিলিগুড়ি: ভারতের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ‘ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড’ এবং শীর্ষস্থানীয় কর্পোরেট গোষ্ঠী ‘অম্বুজা নেওটিয়া’-এর যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে পর্যটন ও হসপিটালিটি ক্ষেত্রের এক নতুন অধ্যায়ের সূচনা হল। শনিবার আনুষ্ঠানিকভাবে কলকাতা ও শিলিগুড়িতে চালু করা হয়েছে ‘অল্টেয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস’।
এই উদ্বোধনের পাশাপাশি অম্বুজা নেওটিয়া গোষ্ঠী পশ্চিমবঙ্গে তাঁদের হসপিটালিটি ব্যবসার সম্প্রসারণে বিপুল ২,৭০০ কোটি টাকা বিনিয়োগের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছে। ঘোষিত এই ২,৭০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ কাঠামোর অধীনে কলকাতা, রায়চক, দিঘা, শিলিগুড়ি, লাটাগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং-দার্জিলিং অঞ্চল জুড়ে একাধিক বিলাসবহুল রিসর্ট ও হোটেল গড়ে তোলা হবে। পাশাপাশি দার্জিলিংয়ের সুপরিচিত ‘তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা’-কে আরও ১০০ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণের কাজ চলছে, যার মাধ্যমে নতুন ২৮টি কি (রুম) এবং ১৫,০০০ বর্গফুটের বিশাল ব্যাঙ্কয়েট হল যুক্ত করা হচ্ছে।
“অম্বুজা নেওটিয়ার সঙ্গে আইএইচসিএল-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব কলকাতা এবং শিলিগুড়িতে ‘অল্টেয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস’ চালুর মাধ্যমে আরও মজবুত হল। চমৎকার ডিজাইন ও অনন্য অভিজ্ঞতাসম্পন্ন এই বুটিক হোটেলগুলি সিলেকশনস প্ল্যাটফর্মের সঙ্গে পুরোপুরি মানানসই। একটি ফ্র্যাঞ্চাইজি চুক্তির অধীনে পরিচালিত এই ব্র্যান্ড সংস্করণ দুটি আমাদের ব্যবসায়িক যাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।
আরও খবর
আমাদের লক্ষ্য এই অঞ্চলে পর্যটনকে ত্বরান্বিত করা এবং ভ্রমণের অভিনব অভিজ্ঞতা তৈরি করা।”এমনটাই বলেন পুনিত ছাটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, আইএইচসিএল। সাংবাদিক সম্মেলনে অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, “পশ্চিমবঙ্গ প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর—প্রাণবন্ত শহর, নদীমাতৃক অঞ্চল থেকে শুরু করে চা বাগান এবং সুন্দর হিমালয়। এই রাজ্যের পর্যটন সম্ভাবনার ওপর আমাদের গভীর আস্থা রয়েছে। ২,৭০০ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি সেই বিশ্বাসের প্রতিফলন। আমরা এমন কিছু সেরা ডেস্টিনেশন তৈরি করতে চাই যা দেশ-বিদেশের মানুষকে বারবার আকর্ষণ করবে।”


